এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু - The News Lion

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু

 


দি নিউজ লায়ন;  এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিস। ঘটনাটি ঘটে রায়নার হাটতলা এলাকায়। ঘটনার বিষয়ে মৃতের মা বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন। আদালত খুনের মামলা রুজু করে তদন্তের জন্য রায়না থানার ওসিকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেলার পর খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, রায়না থানার মহেশবাটির যুবক সপ্তম মালিক গত বছরের ২ ডিসেম্বর বিকালে বাড়ি থেকে বের হয়।


 সন্ধ্যায় তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, তিনি বাড়ি ফেরেন নি। বারবার ফোন করেও মোবাইল বন্ধ থাকায় পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন নি। পরের দিন সকালে রায়না হাটতলা থেকে সপ্তমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আদালতে মৃতের মা পার্বতী মালিক অভিযোগ করেছেন, এলাকারই কয়েকজনের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের শত্রুতা ছিল। সেজন্য তাঁর ছেলেকে তারা খুন করেছে। আত্মহত্যা বলে চালাতে দেহ টাঙিয়ে দেওয়া হয়। যদিও অভিযুক্তদের কেউই গ্রেপ্তার হয়নি। রায়না থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট মেলার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.